দেশে বর্তমানে সবাই কেন যেন শিক্ষাকেই বেকার তৈরির কারিগর হিসেবে উপস্থাপন করছে। আসলেই কি শিক্ষা বেকার তৈরির কারিগর? আমার দৃষ্টিতে না, শিক্ষা মেধা তৈরির জায়গা; এখানে চাকরি বা অন্য কাজের জন্য না। আমাদের দেশের মূল সমস্যা কোথায়, এইটা আমরা দেখেও না দেখার ভান করে থাকি আর আজাইরা বিষয় নিয়ে কথা বলি। শিক্ষা কখনো বেকার তৈরি করে না। ডিগ্রি বন্ধ করা মানে আমার মাথা ব্যথা হয়েছে, আমি মাথা কেটে ফেলে দিলাম—এইটা তো সমাধান হতে পারে না।

আমাদের মূল সমস্যা শিক্ষা ব্যবস্থা নিয়ে, পড়ার সিস্টেম নিয়ে। আমরা কী পড়াচ্ছি এবং কীভাবে পড়াচ্ছি—এইটার সমাধান করা উচিত। দায়সারা শিক্ষা ব্যবস্থা, কোনো পরিকল্পনা বা বাস্তবিক কোনো শিক্ষার দিকে না গিয়ে আজাইরা সিলেবাসে পড়লে তো এমন হবেই।

অনেকে যুক্তি দিচ্ছে, কারিগরি শিক্ষায় আমাদের মুক্তির পথ। সত্যিই কি তাই? এর আগে এই জ্ঞানের প্রয়োগ তো বিগত সরকারও করেছে। কিন্তু তারা তো কারিগরি শিক্ষার মাধ্যমে আরও বেশি বেকার এবং শিক্ষার্থীদের পঙ্গু করে দিয়েছে। ভোকেশনাল এবং পলিটেকনিকের ৪ বছরের কোর্স করে লাখ লাখ বেকার এখন। এমনকি অনেকে এমন বেকায়দায় পড়ে আছে—বিএসসি না করলে এই ৪ বছরের কোর্সের মান এইচএসসি পাশের সমান; ফলে তারা একপ্রকার পঙ্গু হয়েছে।

হুটহাট সিদ্ধান্ত নেওয়ায় আমাদের দেশের কোনো উন্নতি নেই। হঠাৎ করে একটা জ্ঞানী মানুষের উদয় হয়, তারে সবাই পীর ভাবা শুরু করে দেয়, আর সেই পথে গিয়ে এলোমেলো করে আবার আগের পথে ফিরে আসে। এইভাবে তো চলতে পারে না। আমাদের মূল সমস্যা কোথায় এবং কীভাবে বেকার সমস্যার সমাধান হবে, সেই বিষয়ে আমরা কখনো ভাবিই না। হঠাৎ মনে হয়েছে, আমরা একটা শুরু করে দেই।

বেকার সমস্যা সমাধানের পথ কী??

প্রথমে আমাদের ব্যালেন্স করতে হবে। শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে, যেন পড়াশোনার পাশাপাশি বাস্তবিক প্রয়োগ হয়। যা শিখছে, সেই বিষয়ে তারা প্রয়োগ করে যথাযথভাবে নিজেদের মেধার মূল্যায়ন করতে পারে। পরবর্তীতে তাদের কর্মক্ষেত্রে তৈরি করতে হবে। কারণ দেশের বেকার সমস্যার প্রধান কারণ কর্মক্ষেত্রের অভাব।

এখন পর্যন্ত কোনো জ্ঞানী ব্যক্তিকে এই বিষয়ে কথা বলতে দেখলাম না। ডিগ্রি আমরা চাইলেই বন্ধ করে দিয়ে মূর্খ তৈরি করতে পারি, কিন্তু তাদের দিয়ে শুধু শ্রমিকের কাজ ছাড়া আর কিছু হবে না। আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি তৈরি করা, আর সেইটা ডিগ্রির মাধ্যমেই এবং বাস্তব প্রয়োগের মাধ্যমেই সম্ভব।

আমাদের প্রয়োজন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং দায়সারা শিক্ষা বন্ধ করা। কারণ বছরে সরকার কোটি কোটি টাকা নষ্ট করে বিভিন্ন কোর্সের নামে, বিভিন্ন ট্রেডের নামে। দেশের যত প্রতিষ্ঠান আছে, এই ধরনের কোর্সের সাথে আছে; কিন্তু এগুলো দিয়ে তেমন কোনো লাভ হয় না। সরকার শুধু টাকা দেয়, আর এইগুলো দায়সারা ভাবে চলছে।

এতই যদি সরকারের ইচ্ছা থাকে, তাহলে সরকার এইগুলোতে মনিটরিং করে আগে বাস্তবিক শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসলে তখন দেশের পরিবর্তন হবে।

এক কথায় সরকারের উচিত—শিক্ষার্থীদের যা শিখাচ্ছে, তা সে শিখছে কিনা, এইটার বাস্তবিক রেজাল্ট দেখা এবং কর্মসংস্থান তৈরি করা।

এখন হয়তো প্রশ্ন হতে পারে—সরকার না হয় শিক্ষা ব্যবস্থা ঠিক করে দিল, কিন্তু কর্মসংস্থান কীভাবে দেবে???

কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় পথঃ

আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া। যে ধনী, সে শক্তিশালী, এবং সে প্রায় সরকারের সব কিছু ভোগ করে। ফলে সে আরও ধনী হচ্ছে, আর অন্য সবাই দেখছে।

আমাদের দেশকে যদি সত্যিই উন্নতি করার কোনো সরকারের ইচ্ছে থাকে, তাহলে চায়না মডেল নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের দেশের আমদানি পণ্যের তালিকা করে শুরুতে এই বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এবং গ্রামভিত্তিক কারখানা মডেল নিয়ে কাজ করতে হবে।

প্রতিটা গ্রামে একটা সিইও থাকবে এবং তার মাধ্যমে এই কারখানা পরিচালিত হবে। এই প্রতিষ্ঠানের অধীনে থাকবে গ্রামের সরকারি সম্পদগুলো, যেমন সরকারি পুকুর, খাস জমি সহ পতিত জমিগুলো। ফলে প্রতিটা গ্রামে তৈরি হবে এক একটা শক্তিশালী প্রতিষ্ঠান।

এখানে গড়ে ৫০–১০০ জনের কর্মসংস্থান তৈরি হলেও ৫০ লাখ–১ কোটি কর্মসংস্থান তৈরি হবে।  তখন আমদানি কমে যাবে এবং আরও ভালোভাবে চেষ্টা করলে রপ্তানি করা সম্ভব হবে।

আপনার নিজের গ্রামের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন— গ্রামে ১০০জন শিক্ষিত বেকারও নাই এবং  সরকারি সম্পদ কত আছে এবং তা শুধু ধনী ও ক্ষমতাবানদের দখলে। 

এই মডেল নিয়ে আরও বিস্তারিত আলোচনার বিষয় আছে, যা অনেক বড় হবে। তবে শিক্ষার পরিবর্তনের থেকে বেশি প্রয়োজন কর্মসংস্থান। এত বেকারের দেশে যদি বড় পরিসরে না ভাবা হয়, তাহলে তেমন কোনো লাভ হবে না শিক্ষা দিয়ে।

সরকার হয়তো ভাবছে, আমি শিক্ষা দিয়ে জনশক্তি রপ্তানি করবো। কিন্তু আমাদের যদি শিক্ষার প্রয়োগের জায়গা না থাকে, আমরা কীভাবে বুঝব সে শিক্ষা অর্জন করেছে? আমাদের উচিত—শিক্ষা + দক্ষতা + কর্মসংস্থান। আর কর্মসংস্থান তৈরি করে আমরা রপ্তানি নির্ভর কেন হতে পারি না। 

আমার কাছে মনে হয়েছে, সরকার মূল বিষয়ে ফোকাস না করে শুধু সমালোচনা তৈরি করছে। এই বিষয়ে আরও ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে আমার আলোচনায় বা কথায় কেউ কষ্ট পেলে বা কোনো কিছু খারাপ লাগলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র আমাদের মূল সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি।

বিএ-এমএ ডিগ্রি কি বেকার তৈরির কারিগর! না কি অজুহাত মাত্র।