বর্তমানে চাকরির পরীক্ষার্থীদের একাংশের মধ্যে একটি অদ্ভুত দাবি লক্ষ্য করা যাচ্ছে—সব পরীক্ষা ঢাকায় নিতে হবে। তাদের ধারণা, ঢাকায় পরীক্ষা হলেই প্রশ্ন ফাঁস হবে না এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। কিন্তু এই ধারণাটি কি আসলেই বাস্তবসম্মত, নাকি নিছক আবেগপ্রসূত? এর গভীরে গিয়ে চিন্তা করলে দেখা যায়, সমস্যাটা স্থানের নয়, বরং ব্যবস্থাপনার। আর এই দাবির মাশুল দিতে হচ্ছে হাজারো সাধারণ বেকার পরীক্ষার্থীকে।
অনেকের ধারণা, জেলা শহরে পরীক্ষা হলে স্থানীয় প্রভাবশালী বা দুর্নীতিবাজরা প্রভাব বিস্তার করবে। কিন্তু বাস্তবতা হলো, ঢাকা ধোয়া তুলসী পাতা নয়। জেলা শহরে যদি দুর্নীতিবাজ থাকে, তবে ঢাকায় তাদের গডফাদারদের সংখ্যা আরও বেশি। প্রশ্ন ফাঁস বা ডিজিটাল জালিয়াতির (ডিভাইস ব্যবহার) মতো ঘটনাগুলো কি ঢাকায় ঘটে না? বিগত দিনের বহু নজির বলছে, বড় বড় জালিয়াতির নেটওয়ার্ক ঢাকা থেকেই নিয়ন্ত্রিত হয়। তাই পরীক্ষা ঢাকায় নিলেই সব 'সেভ' বা নিরাপদ হয়ে যাবে—এটি একটি ভ্রান্ত ধারণা। শুধুমাত্র স্থান পরিবর্তন করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রযুক্তির সঠিক ব্যবহার।
একজন বেকার পরীক্ষার্থীর জন্য প্রতি সপ্তাহে ঢাকা যাতায়াত করা কতটা কষ্টের, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। চলুন একটি সাধারণ হিসাব দেখা যাক:
এই বিপুল পরিমাণ টাকা বেকারদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, যা দিয়ে অনায়াসেই দেশের প্রতিটি জেলা শহরের কেন্দ্রগুলোকে অত্যাধুনিক ও ডিজিটাল করা সম্ভব।
আবেগি হয়ে প্রতি সপ্তাহে ঢাকায় না দৌড়ে, আমাদের দাবি হওয়া উচিত প্রতিটি জেলায় স্থায়ী ডিজিটাল এক্সাম সেন্টার বা কেন্দ্র প্রস্তুত করা। দেশের ৬৪টি জেলায় যদি ১০-২০টি করে শিক্ষা প্রতিষ্ঠানকে স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়, তবে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।
একটি কেন্দ্রের একটি কক্ষ ডিজিটাল ও নিরাপদ করতে আনুমানিক খরচ :
| সরঞ্জামের নাম | পরিমাণ | আনুমানিক খরচ |
| সিসি ক্যামেরা (CC Camera) | ৩টি | ৯,০০০ টাকা |
| জ্যামার (Signal Jammer) | ১টি | ৮,০০০ টাকা |
| ডিজিটাল প্রশ্ন বক্স (Smart Lock) | ১টি | ৫,০০০ টাকা |
| মোট খরচ (প্রতি রুম) | ২৩,০০০ টাকা |
একটি রুমে গড়ে ৭০ জন পরীক্ষার্থী বসলে, মাথাপিছু এককালীন বিনিয়োগ দাঁড়ায় মাত্র ২৯০-৩০০ টাকা। অথচ একজন পরীক্ষার্থী একবার ঢাকায় পরীক্ষা দিতে গেলেই এর চেয়ে ১০ গুণ বেশি টাকা খরচ করে আসেন।
সপ্তাহের ২০ কোটি টাকার অপচয় রোধ করে, সেই টাকা বা তার সামান্য অংশ বিনিয়োগ করলেই প্রতিটি জেলা শহরের কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা, জ্যামার এবং ডিজিটাল লকার সিস্টেম চালু করা সম্ভব। ডিজিটাল লকের মাধ্যমে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রশ্ন খোলা হবে এবং জ্যামার থাকার কারণে কোনো ডিভাইস কাজ করবে না। সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে মনিটরিং করা যাবে।
এটি কোনো রকেট সায়েন্স নয়। এটি সদিচ্ছার অভাব। চাকরির প্রার্থীরা সাময়িক সমাধানের জন্য ঢাকায় পরীক্ষা নেওয়ার দাবি না জানিয়ে, যদি 'নিজ জেলায় ডিজিটাল ও স্বচ্ছ পরীক্ষা কেন্দ্র' চাইতেন, তবে তা হতো টেকসই ও বুদ্ধিদীপ্ত দাবি।
ঢাকা কোনো জাদুর শহর নয় যে সেখানে পা দিলেই দুর্নীতি উবে যাবে। দুর্নীতিবাজরা সবখানেই আছে। তাই আমাদের দাবি হওয়া উচিত—ব্যবস্থাপনার পরিবর্তন, স্থানের নয়। এককালীন সামান্য খরচে জেলা শহরগুলোকে প্রযুক্তিবান্ধব করে গড়ে তুললে সারা বছর নিরাপদে ও স্বল্প খরচে পরীক্ষা দেওয়া সম্ভব। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষের টনক নড়ে কি না এবং আমরা সঠিক দাবিটি তুলতে পারি কি না।
সাধারণ চাকরিপ্রার্থীদের দাবি হওয়া উচিতঃ
১. স্বতন্ত্র প্রশ্ন প্রণয়ন ও ব্যবস্থাপনা অধিদপ্তর:
চাকরির পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, ছাপানো এবং বিতরণের জন্য সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী একটি অধিদপ্তর বা কমিশন গঠন করতে হবে। অন্য কোনো সংস্থার হাতে এই দায়িত্ব রাখা যাবে না।
২. প্রশ্ন প্রণেতাদের ‘আইসোলেশন’ বা যোগাযোগ বিচ্ছিন্নকরণ:
প্রশ্ন তৈরি থেকে শুরু করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, এই প্রক্রিয়ার সাথে জড়িত সকল ব্যক্তিকে (কর্মকর্তা-কর্মচারী) বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে হবে। তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে এবং তারা একটি নির্দিষ্ট ‘সিকিউর জোন’ বা আইসোলেশনে থাকবেন। পুরো এলাকাটি সিসিটিভি এবং জ্যামার প্রযুক্তির আওতায় থাকবে। সাংবাদিকরা বিল্ডিংয়ের বাইরে পাহারায় থাকবেন। এর পরেও প্রশ্নফাঁসের প্রমাণ হলে, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির বিধান করতে হবে।
৩. স্মার্ট লক ও ডিজিটাল প্যাকেজিং:
প্রশ্নপত্রের প্যাকেজিংয়ে আধুনিক ‘স্মার্ট লক’ প্রযুক্তি ব্যবহার করতে হবে। এই লক নির্দিষ্ট সময়ের আগে খোলা সম্ভব হবে না এবং খোলার চেষ্টা করলে অটোমেটিক সিগন্যাল বা অ্যালার্ট দেবে। শুধুমাত্র পরীক্ষার্থীদের সামনে পরীক্ষা কেন্দ্রে এই প্যাকেট খোলা হবে নির্দিষ্ট সময়ে।
৪. কেন্দ্র কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি:
পরীক্ষা চলাকালীন শিক্ষক, কর্মচারী, বা ম্যাজিস্ট্রেট—যেই কেন্দ্রে প্রবেশ করবেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা কেন্দ্র থেকে বের হতে পারবেন না এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
৫. সিসি ক্যামেরা ও লাইভ মনিটরিং:
প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে। সকল ফুটেজ রেকর্ড করা হবে। স্বচ্ছতার স্বার্থে পরীক্ষা শেষে প্রয়োজনে ভিডিও ফুটেজ অনলাইনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। ভাইভা পরীক্ষার ক্ষেত্রেও ভিডিও রেকর্ড রাখতে হবে এবং ভাইভায় নম্বরের ব্যবধান কমিয়ে আনতে হবে যাতে স্বেচ্ছাচারিতা না হয়।
৬. জ্যামার প্রযুক্তি ও ডিভাইস নিয়ন্ত্রণ:
প্রতিটি কেন্দ্রে শক্তিশালী জ্যামার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, যাতে কোনোভাবেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করা না যায়।
অধিকতর স্বচ্ছতার জন্য বিকল্প প্রস্তাবনা (প্রয়োজনে প্রয়োগযোগ্য):
যদি স্থানীয় প্রভাবে দুর্নীতি হওয়ার আশঙ্কা থাকে, তবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে:
আমাদের প্রধান দাবি: সকল চাকরির পরীক্ষা জেলা শহরে নিতে হবে
একজন বেকার প্রার্থীর পক্ষে প্রতি সপ্তাহে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া আর্থিক ও মানসিকভাবে অসম্ভব। এমনকি মেয়েদের ক্ষেত্রে একা একা ঢাকায় গিয়ে প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া অনেক কষ্টের। এছাড়া নিরাপত্তার ঝুকি এবং পারিবারিক চাপ তো আছেই। তাই অবিলম্বে সকল চাকরির পরীক্ষা নিজ জেলা শহরে অথবা বিভাগীয় শহরে বিকেন্দ্রীকরণ করতে হবে। উপরের নিয়ম গুলো ফলো করে জেলা শহরে পরীক্ষা নিলে কোন সমস্যা হবে না।
সর্বশেষ কথা, সন্তান না কাঁদলে মা-ও দুধ দেয় না। আর তো সাধারণ চাকরিপ্রার্থী। যতদিন পর্যন্ত চাকরিপ্রার্থীরা নিজেদের অধিকারের জন্য নিজেরাই মাঠে না দাঁড়াবে, ততদিন এটাই চলতে থাকবে।
আমাদের এই আন্দোলন কেবল ফেসবুকে লাইক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের আওয়াজ পৌঁছাতে হবে নীতিনির্ধারকদের কানে। তাই এখনই যুক্ত হোন আমাদের মূল প্ল্যাটফর্মে:
আন্দোলন ও আলোচনার জন্য ফেসবুক গ্রুপ:
https://www.facebook.com/groups/824139897276763
(গ্রুপে জয়েন করে আপনার মতামত, পরামর্শ এবং পরিস্থিতি তুলে ধরুন)