জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন এবং স্বৈরাচার পতনের মূল কারিগর ছিলেন দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ও চাকরির প্রার্থীরা। অথচ বিজয়ের পরবর্তী সময়ে এই বিশাল জনগোষ্ঠী আজ চরম অবহেলার শিকার। রাষ্ট্রের সংস্কার নিয়ে অনেক কথা হলেও, বেকার সমাজের দুর্দশা লাঘবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিকল্পনা বা পদক্ষেপ নেই। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা ঢাকায় নিয়েও প্রশ্নফাঁসের অভিযোগে বাতিলের ঘটনাটি আবারও প্রমাণ করেছে যে, বর্তমান পদ্ধতিটি পঁচে গেছে। চাকরির প্রার্থীদের সাথে তামাশা শুরু করছে।
একজন বেকার প্রার্থী ধার-দেনা করে ২-৩ হাজার টাকা খরচ করে ঢাকায় পরীক্ষা দিতে যান, অথচ পরীক্ষা বাতিলের মাধ্যমে উল্টো তাকেই শাস্তি দেওয়া হলো। এটি কোনো সমাধান নয়, বরং প্রহসন। প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি এবং রাজনৈতিক নেতাদের দাপটে চাকরির বাজার আজ মেধাবীদের জন্য অভিশাপ। আমরা এমন একটি ব্যবস্থা চাই, যেখানে প্রার্থীর মেধার সঠিক মূল্যায়ন হবে। এই সংকট নিরসনে ‘Jobs Exam Alert’ অ্যাপ -এর পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করতে চাই ।
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ পরীক্ষার জন্য আমাদের রোডম্যাপ ও প্রস্তাবনা:
নিছক দাবি তোলায় সীমাবদ্ধ না থেকে, আমরা একটি ‘ফুল-প্রুফ’ সিস্টেমের প্রস্তাব করছি। রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, নিম্নোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে:
১. স্বতন্ত্র প্রশ্ন প্রণয়ন ও ব্যবস্থাপনা অধিদপ্তর:
চাকরির পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, ছাপানো এবং বিতরণের জন্য সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী একটি অধিদপ্তর বা কমিশন গঠন করতে হবে। অন্য কোনো সংস্থার হাতে এই দায়িত্ব রাখা যাবে না।
২. প্রশ্ন প্রণেতাদের ‘আইসোলেশন’ বা যোগাযোগ বিচ্ছিন্নকরণ:
প্রশ্ন তৈরি থেকে শুরু করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, এই প্রক্রিয়ার সাথে জড়িত সকল ব্যক্তিকে (কর্মকর্তা-কর্মচারী) বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে হবে। তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে এবং তারা একটি নির্দিষ্ট ‘সিকিউর জোন’ বা আইসোলেশনে থাকবেন। পুরো এলাকাটি সিসিটিভি এবং জ্যামার প্রযুক্তির আওতায় থাকবে। সাংবাদিকরা বিল্ডিংয়ের বাইরে পাহারায় থাকবেন। এর পরেও প্রশ্নফাঁসের প্রমাণ হলে, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির বিধান করতে হবে।
৩. স্মার্ট লক ও ডিজিটাল প্যাকেজিং:
প্রশ্নপত্রের প্যাকেজিংয়ে আধুনিক ‘স্মার্ট লক’ প্রযুক্তি ব্যবহার করতে হবে। এই লক নির্দিষ্ট সময়ের আগে খোলা সম্ভব হবে না এবং খোলার চেষ্টা করলে অটোমেটিক সিগন্যাল বা অ্যালার্ট দেবে। শুধুমাত্র পরীক্ষার্থীদের সামনে পরীক্ষা কেন্দ্রে এই প্যাকেট খোলা হবে নির্দিষ্ট সময়ে।
৪. কেন্দ্র কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি:
পরীক্ষা চলাকালীন শিক্ষক, কর্মচারী, বা ম্যাজিস্ট্রেট—যেই কেন্দ্রে প্রবেশ করবেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা কেন্দ্র থেকে বের হতে পারবেন না এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
৫. সিসি ক্যামেরা ও লাইভ মনিটরিং:
প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে। সকল ফুটেজ রেকর্ড করা হবে। স্বচ্ছতার স্বার্থে পরীক্ষা শেষে প্রয়োজনে ভিডিও ফুটেজ অনলাইনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। ভাইভা পরীক্ষার ক্ষেত্রেও ভিডিও রেকর্ড রাখতে হবে এবং ভাইভায় নম্বরের ব্যবধান কমিয়ে আনতে হবে যাতে স্বেচ্ছাচারিতা না হয়।
৬. জ্যামার প্রযুক্তি ও ডিভাইস নিয়ন্ত্রণ:
প্রতিটি কেন্দ্রে শক্তিশালী জ্যামার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, যাতে কোনোভাবেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করা না যায়।
অধিকতর স্বচ্ছতার জন্য বিকল্প প্রস্তাবনা (প্রয়োজনে প্রয়োগযোগ্য):
যদি স্থানীয় প্রভাবে দুর্নীতি হওয়ার আশঙ্কা থাকে, তবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে:
আমাদের প্রধান দাবি: সকল চাকরির পরীক্ষা জেলা শহরে নিতে হবে
একজন বেকার প্রার্থীর পক্ষে প্রতি সপ্তাহে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া আর্থিক ও মানসিকভাবে অসম্ভব। এমনকি মেয়েদের ক্ষেত্রে একা একা ঢাকায় গিয়ে প্রতিনিয়ত পরীক্ষা দেওয়া অনেক কষ্টের। এছাড়া নিরাপত্তার ঝুকি এবং পারিবারিক চাপ তো আছেই। তাই অবিলম্বে সকল চাকরির পরীক্ষা নিজ জেলা শহরে অথবা বিভাগীয় শহরে বিকেন্দ্রীকরণ করতে হবে। উপরের নিয়ম গুলো ফলো করে জেলা শহরে পরীক্ষা নিলে কোন সমস্যা হবে না।
অর্থায়ন ও বাস্তবায়ন:
অনেকে হয়তো খরচের দোহাই দিতে পারেন। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, বেকারদের পকেটের টাকা বাঁচলে রাষ্ট্রের কল্যাণ।একটি স্বচ্ছ, আধুনিক ও জালিয়াতিমুক্ত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা মূলত সরকারেরই নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। প্রয়োজনে এই সিস্টেম দাঁড় করানোর জন্য ফান্ডিং বা অর্থায়নের কৌশল আমরা নিতে পারি। বাস্তবতার নিরিখে আমরা একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা রাখছি: বর্তমানে ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে একজন প্রার্থীর যাতায়াত, থাকা-খাওয়া মিলিয়ে গড়ে ২-৩ হাজার টাকা খরচ হয়, সাথে থাকে সীমাহীন শারীরিক ও মানসিক ভোগান্তি। এই বিশাল অর্থের অপচয় রোধে এবং পরীক্ষার নিশ্ছিদ্র নিরাপত্তা (যেমন- জ্যামার, সিসিটিভি, স্মার্ট লক) নিশ্চিত করতে যদি আবেদন ফি সামান্য বৃদ্ধিও করতে হয়, তবুও চাকরির প্রার্থীরা তাতে সম্মতি দিতে পারেন। আমরা চাই একটি স্থায়ী এবং টেকসই সমাধান, যাতে মেধার অবমূল্যায়ন না হয় এবং কোনো বেকারকে আর ঢাকায় ছোটাছুটি করে নিঃস্ব হতে না হয়।
আহ্বান ও পরবর্তী কর্মসূচি:
সম্মানিত চাকরির প্রার্থীরা, এই দাবি শুধু আমাদের একার নয়, এটি আপনাদের সকলের বাঁচার দাবি।
আমরা দেশের সকল বড় প্রকাশনী, শিক্ষাবিদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসতে চাই। নির্বাচনের আগেই চাকরির প্রার্থীদের এই যৌক্তিক দাবি মেনে নিতে সকল পক্ষকে বাধ্য করতে হবে।
আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। আপনাদের মতামত এবং নতুন কোনো আইডিয়া থাকলে আমাদের জানান। সকলের মতামতের ভিত্তিতে আমরা একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করে সরকারের কাছে পেশ করব।
অধিকার আদায়ে সোচ্চার হোন, বেকারমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুন।
বিশেষ অনুরোধঃ
প্রিয় সহযোদ্ধা চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা,
আমরা অনেক সহ্য করেছি, অনেক কেঁদেছি। একটি চাকরির পরীক্ষার জন্য ঢাকায় গিয়ে হাজার হাজার টাকা খরচ করা, অমানবিক জ্যামে বসে থাকা, আর সবশেষে প্রশ্নফাঁসের খবরে শূন্য হাতে বাড়ি ফেরা—এই নিদারুণ কষ্ট আর কতদিন? জুলাইয়ের রক্তঝরা বিপ্লব আমাদের শিখিয়েছে, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়।
আমাদের দাবি পরিষ্কার—চাকরির পরীক্ষা জেলা শহরে নিতে হবে এবং দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু এই বিশাল পরিবর্তন একা করা সম্ভব নয়। প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ সমর্থন এবং অংশগ্রহণ।
আমাদের এই আন্দোলন কেবল ফেসবুকে লাইক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের আওয়াজ পৌঁছাতে হবে নীতিনির্ধারকদের কানে। তাই এখনই যুক্ত হোন আমাদের মূল প্ল্যাটফর্মে:
আন্দোলন ও আলোচনার জন্য ফেসবুক গ্রুপ:
https://www.facebook.com/groups/824139897276763
(গ্রুপে জয়েন করে আপনার মতামত, পরামর্শ এবং পরিস্থিতি তুলে ধরুন)
১. নিজে যুক্ত হোন: লিংকে ক্লিক করে এখনই গ্রুপ ও পেজে যুক্ত হোন।
২. সবাইকে যুক্ত করুন: আপনার মেসেঞ্জার গ্রুপ, হলের বন্ধু, লাইব্রেরির সহপাঠী এবং পরিচিত সকল চাকরিপ্রার্থীকে এই গ্রুপে ইনভাইট করুন। আমাদের সংখ্যা যত বেশি হবে, আমাদের দাবি তত শক্তিশালী হবে।
৩. শেয়ার করুন: এই লেখাটি বা আমাদের পেজের পোস্টগুলো আপনার টাইমলাইনে শেয়ার করুন। হ্যাশট্যাগ ব্যবহার করুন (যেমন: #জেলা_শহরে_পরীক্ষা_চাই, #দুর্নীতিমুক্ত_নিয়োগ_চাই)।
৪. কথা বলুন: চায়ের আড্ডায়, পড়ার টেবিলে বা সোশ্যাল মিডিয়ায়—সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করুন। জনমত গঠনই আমাদের প্রধান হাতিয়ার।
আসুন, এক কাতারে দাঁড়াই। নিজের অধিকার আদায়ে সোচ্চার হই।